বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক বক্তব্যকে ‘বিভ্রান্তিকর, দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এই প্রতিক্রিয়া জানান।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আলাল বলেন, “একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে।” এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এটি জাতীয় ঐক্য বিনষ্টকারী এবং রাজনৈতিক বিভাজন সৃষ্টির অপচেষ্টা।

মাওলানা হালিম বলেন, “আলালের বক্তব্যে কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট সুর ধ্বনিত হয়েছে। তিনি জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কাউকে খুশি করতে চাইছেন।” তিনি আরও দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, “স্বাধীনতার পর থেকে জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার লক্ষ্যে নানা সময়ে প্রপাগান্ডা চালানো হয়েছে, কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সচেতন।”

আলালের বক্তব্যকে জাতীয় ঐক্যের পরিপন্থি উল্লেখ করে মাওলানা হালিম বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে ঐকমত্য ও সহনশীলতা প্রয়োজন, অথচ এমন উসকানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও গণ-আকাঙ্ক্ষার পরিপন্থি।”

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার আদর্শ ইসলামী মূল্যবোধ ও জনগণের কল্যাণে নিবেদিত। দলটি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

বিবৃতির শেষাংশে তিনি আহ্বান জানান, “ভবিষ্যতে জাতীয় ঐক্য বিনষ্টকারী, বিভ্রান্তিকর ও বিদ্বেষপ্রসূত বক্তব্য থেকে বিরত থাকার জন্য জনাব মোয়াজ্জেম হোসেন আলালের প্রতি অনুরোধ জানাচ্ছি।”