পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাঠাকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে অলি (১৫), মো. নূরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) এবং মো. খলিলুর রহমানের ছেলে মো. জুবায়ের (১৬)।
ঘটনার সূত্রপাত হয় ৩০ অক্টোবর রাতে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিন কিশোর বড় হারজি এলাকার ওয়ার্ড বিএনপি অফিসে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা জানান, ঘটনাস্থলটি দলীয় মূল কার্যালয় নয়, বরং একটি সাধারণ বসার স্থান। তাদের দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি টাঙানো ছিল, এবং একটি মহল পরিকল্পিতভাবে কিশোরদের দিয়ে ঘটনাটি ঘটিয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরদের আটক করে থানায় আনে। মামলা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।”
ঘটনাটি স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



মন্তব্য করুন