নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না।”

তিনি গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

রিজভী অভিযোগ করেন, কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর দায় চাপানো এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন, “রাউজানে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার হলেও কয়েকটি গণমাধ্যমে তাদের বিএনপির লোক বলা হয়েছে, অথচ এর কোনো প্রমাণ নেই।”

তিনি আরও জানান, রাউজানে বিভিন্ন অভিযোগে অনেক সিনিয়র নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দলটি ১৫ বছরের অত্যাচার ও অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে। জুলাই-আগস্টে আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। যদিও মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে, তবে এখনো আতঙ্কমুক্ত নয়।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। “বিশ্ববাজারে গমের দাম কমলেও বাংলাদেশে তা বেড়েছে। সরকারের দায়িত্ব জনগণকে নিরাপদ রাখা, ব্যর্থ হলে সামাজিক অস্থিরতা তৈরি হবে।”

এ সময় বিএনপির যুগ্ম সচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, আমিনুল ইসলাম ও রমেশ দত্ত উপস্থিত ছিলেন।