রোববার (২ নভেম্বর) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় ইমদাদুল হক নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের ওই সময়ে মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। হঠাৎ মুখোশধারী দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে এবং চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। মামুন শেখ ও মিজানুর রহমান বর্তমানে চিকিৎসাধীন আছেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, “রাতে বিএনপি নেতা মামুন তার অফিসে অবস্থান করছিলেন। এসময় সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। এতে ইমদাদুল হক নিহত হন।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের সহিংসতা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছে।



মন্তব্য করুন