রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, গণতন্ত্রে উত্তরণের পথকে একের পর এক শর্ত আরোপ করে সংকটাপন্ন করা হচ্ছে এবং সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, অতীতেও বিএনপি নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে। তার ভাষায়, “বিএনপির বিজয় ঠেকাতে পতিতরা দেশে স্বৈরাচার কায়েম করেছিল। গত ১৫ বছরে তারা নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। এখনো বিএনপির বিজয় রুখতে অপপ্রচার ও অপকৌশল চালানো হচ্ছে।”
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণের ঐক্যের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”
নির্বাচন নিয়ে জনমনে সংশয় প্রসঙ্গে তারেক রহমান মন্তব্য করেন, “অনেকে প্রশ্ন তুলছেন যথাসময়ে নির্বাচন হবে কি না। কিন্তু এমন হওয়া উচিত ছিল না। নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটে ফেলছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য রক্ষায় ছাড় দিয়েছে, অথচ প্রতিনিয়ত নতুন শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে—সবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের অনিশ্চয়তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।



মন্তব্য করুন