খাগড়াছড়ি, ২ নভেম্বর ২০২৫:
খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতক অবশেষে পেল নিরাপদ আশ্রয়। জেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তা অশোক বড়ুয়া ও তার স্ত্রী অন্তিকা বড়ুয়ার হাতে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম। জানা যায়, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য মোট ৩৩ জন আবেদন করেছিলেন। যাচাই শেষে ৫টি আবেদন গ্রহণযোগ্য ধরা হয় এবং চূড়ান্তভাবে এক পরিবারকে নির্বাচন করা হয়।

পরে বিকেল ৪টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের উপস্থিতিতে হাসপাতাল থেকে শিশুটিকে নতুন পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন জানান, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় নির্বাচিত পরিবারটি ১৫ লাখ টাকার এফডিআর করেছে। তিনি বলেন, “মানবিকতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তা নিশ্চিত করেই শিশুটির পরিবার নির্বাচন করা হয়েছে।”

গত ২০ অক্টোবর শান্তিনগর এলাকায় ড্রেন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এরপর থেকে শিশুটি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।