ঢাকা, ৩ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে অত্যাধুনিক এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য উইক’ এবং ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’র বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে যে পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি আমদানি করেছে, তার ৭০ শতাংশের বেশি এসেছে চীন থেকে। এর আগে চীনের জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনা ঘিরে আলোচনার জন্ম দেয় অন্তর্বর্তী সরকারের কৌশলগত দৃষ্টিভঙ্গি।
এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি চীনে ডিএফ-১২এ নামে পরিচিত এবং এটি সর্বপ্রথম ২০০৮ সালে ঝুহাই এয়ারশোতে প্রদর্শিত হয়। বর্তমানে কাতার ও মিয়ানমার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর আধুনিক সংস্করণ প্রায় ২৮০ কিলোমিটার পাল্লার সক্ষমতা রাখে এবং এতে আটটি ক্যানিস্টারসহ কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র থাকে, যা দীর্ঘদিন সংরক্ষণযোগ্য।
প্রতিটি ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় ছয় মিটার এবং ওজন ৯০০ থেকে ১,৩০০ কেজি পর্যন্ত হতে পারে। এতে উচ্চ-বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন, সাবমিনিশন ডিসপেন্সার ও ক্লাস্টার পেলোডসহ বিভিন্ন ধরনের ওয়ারহেড ব্যবহার করা যায়।
এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্রে রয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম, যার মধ্যে ইনর্শিয়াল নেভিগেশন, স্যাটেলাইট অগমেন্টেশন এবং আইআইআর সিকার অন্তর্ভুক্ত। এটি ম্যাক ৫.৫ গতিতে চলতে সক্ষম এবং মাত্র ১০ মিনিটেরও কম সময়ে লঞ্চের জন্য প্রস্তুত করা যায়।
বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। তবে প্রতিবেশী দেশগুলোর থিংকট্যাংকগুলো এই ক্রয়চুক্তিকে কৌশলগত উদ্বেগের চোখে দেখছে।



মন্তব্য করুন