ঢাকা, ৩ নভেম্বর ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির সিনিয়র নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তিনি জানান, কিশোরগঞ্জ-৪ আসনে দলীয়ভাবে ফজলুর রহমানকে মনোনীত করা হয়েছে।
এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩—প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-১৪ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল।
তবে এবার তার মনোনয়ন পাওয়া রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন