ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ — সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণের প্রক্রিয়ায় পে কমিশন বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় শেষ করেছে। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করার প্রস্তাবসহ গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি করার দাবি জানিয়েছে।

ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন,

“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে আমরা প্রস্তাব করেছি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের। একই সঙ্গে গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি করা হোক।”

তিনি আরও বলেন, সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল বাস্তবায়িত হয়েছিল। যদিও ২০২০ সালে নতুন পে স্কেল প্রণয়নের কথা ছিল, তা কার্যকর হয়নি। ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। “নিয়মিত পে স্কেল হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা প্রায় ৩৩ হাজার টাকায় পৌঁছাত,” যোগ করেন আব্দুল মালেক।

বর্তমানে বেতন বৈষম্য ১:১০ অনুপাতে, যা কমিয়ে ১:৪ করার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, “পে স্কেল সাধারণত প্রতি ৫ বছরে হোয়া উচিত, কিন্তু ২০২০ ও ২০২৫ উভয় সময়ই তা কার্যকর হয়নি। ফলে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।”

পে কমিশন সম্প্রতি জানিয়েছে, তারা সম্ভবত আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে পারে। কিছু সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধি ৫০ থেকে ৭০ শতাংশ বা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

জাতীয় বেতন কমিশন ২৭ জুলাই ২০২৫ সালে গঠন করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। নতুন পে স্কেল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি কর্মচারীরা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পেতে পারেন।