ঢাকা, ৫ নভেম্বর ২০২৫:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে দায়িত্ব পালনে অযোগ্য বিবেচনায় রাষ্ট্রপতির আদেশে অপসারণ করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম তার পদের দায়িত্ব যথাযথভাবে পালনে অযোগ্য প্রমাণিত হওয়ায় সংবিধানের ৯৬(৬) অনুচ্ছেদ অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে।

২০২৪ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে। প্রধান বিচারপতি তাদের বেঞ্চ বরাদ্দ স্থগিত করেন। বিচারপতি খুরশীদ আলম ছিলেন সেই তালিকায়। এর মধ্যে ৯ জন বিচারপতি তালিকা থেকে বাদ পড়লেও তিনজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

এর আগে বিচারপতি মো. আখতারুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেন। বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে রাষ্ট্রপতি অপসারণ করেন।

এছাড়া বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এসএম মাসুদ হোসেন দোলন স্থায়ী নিয়োগ পাননি। বিচারপতি আতাউর রহমান খান ও আশীষ রঞ্জন দাস অবসর গ্রহণ করেছেন।

২০২৪ সালের ১৫ অক্টোবর রাতে ‘দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের’ অপসারণ দাবিতে সামাজিক মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়। পরদিন শিক্ষার্থীরা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করে। এরপর প্রধান বিচারপতির সঙ্গে বিচারপতিদের বৈঠক হয় এবং ১২ বিচারপতির বেঞ্চ বরাদ্দ স্থগিত করা হয়।

সর্বশেষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষে আজ বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হলো।