চট্টগ্রাম, ৫ নভেম্বর ২০২৫:
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাইল্লাতলী এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

বুধবার বিকেলে প্রচারণা চলাকালে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। একই ঘটনায় সরওয়ার বাবলা নামে একজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি সরাসরি বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন, তিনি ঘটনাস্থলেই পড়ে যান। আতঙ্কে উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পেছনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ জড়িত থাকতে পারে। পূর্ব বিরোধের জেরে সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।