বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামে মাছ খাওয়াকে কেন্দ্র করে এক নারী নিষ্ঠুরভাবে একটি বিড়ালকে হত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বুধবার (৫ নভেম্বর) আদমদীঘি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে বলা হয়, স্থানীয় বাসিন্দা বুলবুলি (২৬) কয়েকদিন আগে তার বাড়িতে আসা একটি বিড়ালকে মাছ খাওয়ার কারণে ক্ষিপ্ত হন। মঙ্গলবার আবারও বিড়ালটি তার বাড়িতে গেলে তিনি বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন এবং মরদেহ পাশের ধানক্ষেতে ফেলে দেন।
প্রতিবেশী শামছুন্নাহার মিনা বিড়ালটির মরদেহ উদ্ধার করে সংরক্ষণ করেন এবং পুলিশকে খবর দেন। মিনার স্বামী ইসাহাক জানান, নিহত বিড়ালটি তাদের পোষা বিড়ালগুলোর সঙ্গে থাকত। ঘটনার পর তারা প্রাণী কল্যাণ সংগঠনে বিষয়টি জানান।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই অপরাধীর শাস্তি দাবি করেন।
বাংলাদেশের প্রাণী কল্যাণ আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তবে এ আইন সচরাচর প্রয়োগ হয় না। আদমদীঘির এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ায় আইনের প্রয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিড়ালটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত চলছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”



মন্তব্য করুন