জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, তাঁদের দাবি ছিল সরাসরি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার। তবে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন এবং আলোচনায় অংশ নেন।
গোলাম পরওয়ার বলেন, “১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের পাঁচ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নতুবা রাজধানীর পরিস্থিতি ভিন্ন হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার তাঁদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “১০ তারিখের মধ্যে দাবি না মানা হলে ১১ তারিখে ঢাকা অচল করে দেওয়া হবে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না, প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে যাবে।”
সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচি আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নতুন চাপ সৃষ্টি করবে এবং সরকারের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।



মন্তব্য করুন