ঢাকা, ৭ নভেম্বর ২০২৫:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ফোন চুরির অভিযোগে আনসার সদস্য জেনারুল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে দায়িত্ব পালনকালে অভিযুক্ত সদস্য পোড়া ভবনের ভেতর থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশে তাকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীর সদস্যদের মধ্যে অনৈতিক প্রবণতা হ্রাসের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনসার সদস্যদের ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে নৈতিকতা ও দায়বদ্ধতা বাড়াতে পে-কমিশন চেয়ারম্যানের কাছে যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছে। এতে সদস্যদের প্রেষণা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা জানান, অভিযুক্ত জেনারুল ইসলাম তার জুতা, প্যান্ট ও শার্টে লুকিয়ে অন্তত ১৫টি মোবাইল ফোন বের করার চেষ্টা করেছিলেন।