বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে একটি বিড়াল হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুলিশ আটক করেছে। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বিড়ালের গলা কেটে হত্যা করতে দেখা যায়, যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংগঠনটির অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রাণী অধিকারকর্মী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তারা অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ বলেন,
“আমরা প্রতিটি প্রাণীর প্রতি নির্মমতার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। দেশের প্রতিটি প্রাণী নির্যাতনের যেন বিচার হয়, সেটি আমরা চাই।”
প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন যোগ করেন,
“দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল—এই চেতনায় আমরা সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানাই।”
প্রসঙ্গত, প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা এতে সহায়তার দায়ে প্রচলিত আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই আইনের আওতায় আদমদীঘির ঘটনায় বুলবুলি বেগমকে আটক করা হয়েছে।



মন্তব্য করুন