দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক নবজাতককে রেখে পালিয়েছেন তার পরিচয় দেওয়া নানা-নানি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শিশুটিকে ভর্তি করে তারা জানান, মা নিচে রয়েছেন। চিকিৎসক শিশুটির মাকে আনতে বললে তারা নিচে যাওয়ার কথা বলে শিশুটিকে ফেলে চলে যান এবং আর ফিরে আসেননি।
পরবর্তীতে শিশুটির পাশে রাখা ব্যাগে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল—
“আমি মুসলিম, আমি একজন হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ : ০৪-১১-২০২৫, রোজ মঙ্গলবার।”
শিশুটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নবজাতক ইউনিটের বেড থেকে সরিয়ে ৫১৭ নম্বর ডক্টরস রুমে স্থানান্তর করে। সেখানে ইন্টার্ন চিকিৎসক ডা. গোলাম আহাদ, ডা. সানাউল্লাহ ও ডা. পল্লব কুমার দাস শিশুটির চিকিৎসা ও দেখভাল করছেন।
হাসপাতালের টিকিটে শিশুটির মায়ের নাম “ইসু আরা” এবং ঠিকানা “ফুলবাড়ী, দিনাজপুর” লেখা রয়েছে। তার পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে অনুসন্ধান চলছে।
অপরদিকে, শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন অন্তত ২০০ জন নিঃসন্তান ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ও বিসিএস ক্যাডার পর্যায়ের কর্মকর্তা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির স্বজনদের সন্ধান না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।



মন্তব্য করুন