আওয়ামী লীগের রাজনৈতিক চেতনা ও ইতিহাসে গণতন্ত্রের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের বিলুপ্ত করে আওয়ামী লীগ গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল। শেখ মুজিবুর রহমান নিজেই একদলীয় শাসনব্যবস্থা চালু করেন, যা তার কন্যা শেখ হাসিনা আরও সুস্পষ্টভাবে বাস্তবায়ন করেছেন।”
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, “যেখানে গণতান্ত্রিক উত্তরণের পথ বন্ধ থাকে, সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া উন্মুক্ত হতে বাধ্য হয়। ৭ নভেম্বরের ঘটনা প্রমাণ করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।”
তিনি আরও বলেন, “চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করা হয়, যেখানে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত না হয়েও নিজেকে নির্বাচিত ঘোষণা করেন। বিচার বিভাগসহ প্রশাসনের সব স্তর রাষ্ট্রপতির অধীনে আনা হয়।”
আলোচনায় তিনি আওয়ামী লীগের রাজনীতিকে “মিথ্যাচারে ভরপুর” বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, “শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশে একদলীয় রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রবর্তনের চেষ্টা করছেন।”



মন্তব্য করুন