প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে না করেই ফিরে যেতে হলো চীনা নাগরিক ওয়াং তাওজেনকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা গ্রামের সুরমা আক্তারকে বিয়ে করতে গত ৩১ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি চললেও আইনি জটিলতা ও সামাজিক চাপের কারণে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকায় চলে যান।
সুরমা জানান, দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর প্রেম, পারিবারিক সম্মতি এবং তাওজেনের বাংলাদেশে আগমন। কিন্তু বিয়ের দিন ধার্য থাকলেও তা সম্ভব হয়নি।
স্থানীয়ভাবে ও আদালতে বিয়ে পড়ানোর চেষ্টা ব্যর্থ হয়। তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করলেও চীনা দূতাবাসের পরামর্শে আইন মন্ত্রণালয়ে যেতে হয়। সেখানেও বিয়ের বিষয়ে সুস্পষ্ট ব্যাখা পাওয়া যায়নি।
এদিকে, চীনা যুবকের আগমন ঘিরে এলাকায় শুরু হয় নানা গুঞ্জন। কেউ কেউ সুরমার পরিবারকে কোটি টাকার বিনিময়ে মেয়েকে তুলে দেওয়ার অভিযোগ তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর মন্তব্য।
সুরমার চাচা মো. বাহার আলী বলেন, “আমরা আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছি। তাওজেনকে বলেছি, নিজ দেশের অনুমতি নিয়ে আবার আসতে। সেও আশ্বাস দিয়েছে, আইনি জটিলতা কাটলেই সুরমাকে বিয়ে করবেন।”
চীনা দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, বিদেশি নারীকে বিয়েতে নিজ দেশের আইন কঠোরভাবে মানতে হবে। অবৈধ ম্যাচমেকিং এজেন্ট ও বিভ্রান্তিকর কনটেন্ট থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
চীনে নারী-পুরুষ অনুপাতের ভারসাম্যহীনতায় অনেক পুরুষ বিদেশি স্ত্রী খুঁজছেন, যার সুযোগে কিছু এজেন্সি মানবপাচারে জড়িয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



মন্তব্য করুন