পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে ঝটিকা মিছিল করেছে। রোববার (৯ নভেম্বর) ভোরে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলকারীদের মাথায় ও শরীরে কাফনের কাপড় বাঁধা ছিল। ব্যানারে লেখা ছিল— “হটাও ইউনুস, বাঁচাও দেশ।” মিছিলে প্রায় ৩৫-৪০ জন নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
– “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”
– “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সকালে জায়েদ প্যাদা নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, “অনেকদিন পরে আবারও রাজপথে।” একই ভিডিও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজেও আপলোড করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “ভোরে নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



মন্তব্য করুন