গণভোট ও সনদের মতো বিষয়গুলো সাধারণ মানুষের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এসব বিষয় সাধারণ মানুষ বোঝে না, বোঝে কেবল শিক্ষিত শ্রেণি। অথচ কিছু লোক এসব জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে।”

রবিবার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “যেসব পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে যেগুলোর সঙ্গে আমরা একমত নই, সেগুলো পার্লামেন্টে আলোচনা ও ভোটাভোটির মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।”

৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “আপনাদের আন্দোলনের ফলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি তার দলের নেতাকর্মীদের ছেড়ে গেছেন, কারণ তাদের প্রতি তার কোনো দরদ ছিল না। কিন্তু বিএনপি এই মাটির দল—এই মাটিতেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের ‘সম্ভবত শেষ নির্বাচন’ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমার শরীর ভালো নেই, বয়স হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ—ধানের শীষে ভোট দিন, আমাকে ও আমাদের প্রার্থীকে কাজ করার সুযোগ দিন।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে।”

বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা মানুষের কষ্ট বোঝে না, কৃষকের সমস্যাও বোঝে না। বিএনপি সরকারে এলে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।