ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনে অংশ নেব—এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।”

কোনো দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে আসিফ বলেন, “এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি, তাই দলভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।”

সরকারি উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন—এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা বলেন, “দুবার ভোট দিতে পারিনি। আগামীতে ধানমন্ডিতেই থাকার পরিকল্পনা রয়েছে, তাই ঢাকা-১০ এর ভোটার হওয়ার আবেদন করেছি।”

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। সে আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা থাকলেও সম্প্রতি গুঞ্জন উঠেছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। উল্লেখ্য, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত।