মেহেরপুর সদরের রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে মসুরিভাজা বিলের গভীর গর্তে পড়ে তারা প্রাণ হারায়।
নিহতরা হলেন—আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৪), আফিয়া (১২), ইসহকের মেয়ে মিম (১৪) এবং শাহারুলের মেয়ে আলিয়া (১০)। ফাতেমা ও মিম যথাক্রমে মুমিনপুর ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। আফিয়া ও আলিয়া পড়তেন আমঝুপি তৃণমূল মডেল অ্যাকাডেমির চতুর্থ শ্রেণিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে বিলের পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসী বিলের পানিতে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, বিলের মাঝখানে গভীর গর্ত থাকায় উদ্ধারকাজে অতিরিক্ত সতর্কতা নিতে হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এদিকে, চার শিশুর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, “জেলায় সাঁতার শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।”



মন্তব্য করুন