জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জনসভা করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশ সফল করতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় আন্দোলনরত আট দল। দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকায় জনসভা করার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। সে অনুযায়ী, মঙ্গলবার পল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।
জনসভা সফল করতে জামায়াতে ইসলামী গতকাল রোববার প্রস্তুতি বৈঠক করে। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও গতকাল বিকালে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম, তিনি আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করবেন। কিন্তু তা হয়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।”



মন্তব্য করুন