আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিপুলসংখ্যক বেসরকারি চাকরিজীবী ও নিজ এলাকার বাইরে কর্মরত ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) নতুন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-এর সীমাবদ্ধতার কারণে তারা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কারাবন্দিরা এই সুবিধা পাবেন। পাশাপাশি ৬৯টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইসি ও ডাক বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করা হবে। ইতোমধ্যে শতাধিক মানুষের অংশগ্রহণে পরীক্ষামূলক যাচাই সম্পন্ন হয়েছে, যেখানে ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে নিবন্ধন একসঙ্গে নয়, ধাপে ধাপে সম্পন্ন হবে। সর্বমোট ২১ দিনের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে, আর ডাকযোগে ব্যালট আদান-প্রদানে সর্বোচ্চ ২৮ দিন সময় রাখা হয়েছে।

অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের পরিচয় নিশ্চিত করতে লাইভনেস যাচাই, মোবাইল নম্বরে ওটিপি কোড এবং ঠিকানা যাচাই করা হবে। প্রয়োজনে ইসির হটলাইন ১০৫ নম্বরে কল করে তাৎক্ষণিক সহায়তা নেওয়া যাবে।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের নিবন্ধন চার থেকে পাঁচ ধাপে সম্পন্ন হবে। অসম্পূর্ণ থাকলে অতিরিক্ত সময় দেওয়া হবে। কমিশনের লক্ষ্য অন্তত ৫০ লাখ ভোট ডাকযোগে সংগ্রহ করা হলেও বাস্তবে ১০ লাখের বেশি ভোট পড়বে না বলে ধারণা করা হচ্ছে।

নিবন্ধিত ভোটারদের কাছে তিন ধরনের খাম পাঠানো হবে—বহির্গামী খাম, রিটার্নিং অফিসারের ঠিকানাসংবলিত ফেরত খাম এবং ব্যালট পেপার রাখার ছোট খাম। তবে ফেরত খাম বিলম্বে পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।

এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, “অ্যাপটি পরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হ্যাকিং থেকে সুরক্ষা নিশ্চিত করা।”

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “প্রবাসী ভোটার অ্যাপ ১৮ নভেম্বর উদ্বোধন করা হবে। পূর্বনির্ধারিত তারিখে ছুটির কারণে পরিবর্তন করা হয়েছে।”