পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত রোগী মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন মহিপুরের পরিচিত দর্জি শিশির দাস এবং আলীপুর কালাচাঁনপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী (রাখাইন সম্প্রদায়ের) উবাচো।

স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন আগে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার।

এ নিয়ে চলতি সপ্তাহে মহিপুর থানা এলাকায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজন। আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুয়াকাটা ও মহিপুরে আরও দুজন রোগী—খাজুরা এলাকার নুরজামাল ফকির এবং মিশ্রীপাড়ার হাবিব—ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১৩ অক্টোবর মহিপুরে চারজনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। সন্তান জন্ম দেওয়ার পর তিনি মারা যান, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানিয়েছেন, মহিপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, প্রচারণা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে এবং জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে মহিপুর, আলীপুর ও আশপাশের এলাকায় অন্তত অর্ধশতাধিক রোগী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আলীপুরের একটি পরিবারে তিনজন ঢাকায় চিকিৎসাধীন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।