রাজধানীর যাত্রাবাড়ীতে সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে রাইদা পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে তারা দাঁড়িয়ে থাকা বাসে আগুন জ্বলতে দেখে তা নেভানোর চেষ্টা করেন এবং ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত চারটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং আট স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।