শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর ঘিরে রাজধানী ঢাকায় উত্তেজনা বাড়ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ওই দিনকে কেন্দ্র করে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এ কর্মসূচির নেতৃত্বে থাকবে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।
সরকারি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অর্ধশতাধিক নেতাসহ কয়েকশ কর্মীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লকডাউন কর্মসূচি পালনে কেউ যেন রাস্তায় নামতে না পারে, সে জন্য অভিযান আরও জোরদার করা হবে।
গোপালগঞ্জে আওয়ামী লীগ অতীতে এনসিপির সমাবেশ ভণ্ডুল করেছে এবং এবারও বড় পরিসরে সহিংসতা ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনার কথাও উঠে এসেছে। এ কারণে জেলার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি তৎপরতা চালাচ্ছে।
গত কয়েক দিনে রাজধানীসহ বিভিন্ন জেলায় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। শুধু গত রোববার রাতে ডিবি পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে। এর আগে আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনার অভিযোগে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সেনাবাহিনী মাঠে থাকবে এবং কোনো ধরনের নাশকতা চালাতে পারবে না আওয়ামী লীগ। সরকারের নির্দেশনা অনুযায়ী, লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলেই গ্রেপ্তার করা হবে।
এদিকে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলও রাজপথে সক্রিয় রয়েছে। তারা ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকবে।



মন্তব্য করুন