বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি মঙ্গলবার (১১ নভেম্বর) ১০ম দিনে প্রবেশ করেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এর আগে ৬ নভেম্বর নবম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার যুক্তি উপস্থাপন শেষ করেন। এর আগে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামী’র পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া তাদের বক্তব্য তুলে ধরেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম চালু হয় ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী আইন, যা ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। গত ২৭ আগস্ট আদালত ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে শুনানির দিন নির্ধারণ করে।

এদিকে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করে। বর্তমানে আপিল বিভাগে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি চলছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।