সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এখন থেকে উন্নীত বেতন স্কেলে সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয় তাদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে।
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম। চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষকদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০)। আগে তারা পেতেন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)। পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পূরণযোগ্য থাকবে।
অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নীত বেতন গ্রেড কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাইয়ের শর্তাবলি প্রতিপালন করতে হবে। পাশাপাশি প্রশাসনিক মন্ত্রণালয়কে পদ মঞ্জুরি আদেশ (জি.ও) জারি করে তা ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পৃষ্ঠাঙ্কন করাতে হবে।
সব আনুষ্ঠানিকতা ও বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। শিক্ষা খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তে দীর্ঘদিনের দাবি পূরণ হলো এবং প্রাথমিক শিক্ষকদের মনোবল আরও বাড়বে।

মন্তব্য করুন