রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, “কিছু দল অযৌক্তিক দাবি ও নতুন ইস্যু তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সনদের ঐক্যমতের পরিপন্থী।”
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সোমবার রাতে এসব বিষয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জুলাই সনদের বাইরে গিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে বলা হয়, প্রায় এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই সনদে গত ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ।
বিএনপি অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সম্প্রতি সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি সরকার জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তাহলে তা সনদে স্বাক্ষরকারী দলের জন্য বাধ্যতামূলক হবে না। সেই ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।



মন্তব্য করুন