বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই। তিনি বলেন, রাষ্ট্রপতির কেবল অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রয়েছে, কিন্তু ‘প্রেসিডেন্ট অর্ডার’ জারি করার সাংবিধানিক ভিত্তি এখন আর নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপি এখনো জুলাই জাতীয় সনদের নীতিমালার সঙ্গে সম্পূর্ণ একমত এবং সনদের বাইরে যায়নি। তবে সরকারের প্রস্তাবনায় ‘নোট অব ডিসেন্ট’ অংশটি বাদ দেওয়ায় তিনি প্রশ্ন তোলেন।

সালাহউদ্দিন বলেন, ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নোট অব ডিসেন্ট রয়েছে। সনদে বলা হয়েছে, দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তারা সেই নোট বাস্তবায়ন করতে পারবে।

তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ নেই। শুধু ৪৮টি দফা দিয়ে একটি তফসিল তৈরি করা হয়েছে, যেখানে গণভোটের প্রস্তাব রয়েছে।

বিএনপি এই প্রস্তাবে একমত ছিল, যে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, যদি সরকার সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তা সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর জন্য বাধ্যতামূলক নয় এবং তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

রাষ্ট্রপতির আদেশ প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধান গৃহীত হওয়ার আগে প্রেসিডেন্ট অর্ডার জারি করার বিধান ছিল। এখন সেই ব্যবস্থা বিলুপ্ত। কোনো আদেশ জারি করতে হলে তা অধ্যাদেশ হতে হবে, অন্য কোনোভাবে আইন প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির নেই।”

তিনি যোগ করেন, সরকার চাইলে কোনো প্রজ্ঞাপনকে ‘আদেশ’ নামে প্রকাশ করতে পারে, কিন্তু সেটি আইনি মর্যাদা পাবে না।

গণভোট ইস্যুতে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, তাহলে আলোচনা হতে পারে—রাজপথে নয়।”