রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীকে মারধর, ক্ষমতার অপব্যবহার এবং নিষিদ্ধ ছাত্ররাজনীতি পরিচালনার অভিযোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী মো. আবু তাহেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে রুয়েট প্রশাসন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে তাহেরকে দেখে একদল শিক্ষার্থী তাকে আটক করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায়। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের হাতে তুলে দেয়।

তাহের রুয়েটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সাধারণ সম্পাদক সৌমিক সাহা’র ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে র‍্যাগিং, সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলা, নিষিদ্ধ ছাত্ররাজনীতি পুনরুজ্জীবনের চেষ্টা এবং শিক্ষার্থীদের এতে যুক্ত হতে চাপ সৃষ্টি করার অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানকালীন আন্দোলনের সময় তাহের আন্দোলনকারীদের হুমকি ও বাধা দেওয়ার পাশাপাশি হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাস ত্যাগ করলেও সম্প্রতি আবার ক্লাসে যোগ দেন।

জেল হত্যা দিবস উপলক্ষে তাহেরের একটি উসকানিমূলক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দেয়।

মতিহার থানার একজন কর্মকর্তা জানান, “শিক্ষার্থীরা তাহেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেয়। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাহের রুয়েটে ছাত্রলীগ করতেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন—এমন অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা পেলে আদালতে পাঠানো হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।