ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): অর্থপাচার প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক ও এর একাধিক কর্মকর্তাকে মোট ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে জানানো হয়, আগামী রোববারের মধ্যে জরিমানার অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে, অন্যথায় ব্যাংকের হিসাব থেকে অর্থ কেটে নেওয়া হবে।
বিএফআইইউর তদন্তে উঠে এসেছে, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল ও তার পরিবারের চার সদস্য বিদেশে সম্পদ ক্রয়ের জন্য ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। এ সময় রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব খোলা, নিয়মবহির্ভূত অর্থ জমা, ঘোষিত ফরম সংরক্ষণ না করা এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের সীমা অতিক্রমসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব কারণে ব্যাংককে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সন্দেহজনক লেনদেন বিএফআইইউকে না জানানো এবং অন্য গ্রাহকের ইআরকিউ হিসাব থেকে ১ লাখ মার্কিন ডলার ইকবাল পরিবারের হিসাবে স্থানান্তরের ঘটনায় ব্যাংককে আরও ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ব্যক্তিগতভাবে দায়ী কর্মকর্তাদেরও জরিমানা করা হয়েছে। সাবেক এমডি এম রিয়াজুল করিম ও বর্তমান এএমডি সৈয়দ নওশের আলীকে ৩০ লাখ টাকা করে, বনানী শাখার সাবেক অপারেশন ম্যানেজার মনিরুল করিম লিটনকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কার্ড বিভাগের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ২২ বার নিয়ম ভেঙে ক্রেডিট কার্ডের সীমা বাড়ানোর অভিযোগে জাকির হোসেন জিতুকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ইকবালসহ পাঁচজনের নামে ১৮টি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ও ৪টি প্রিপেইড কার্ড রয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এসব কার্ডে মোট ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করা হয়েছে, যা নির্ধারিত সীমার চেয়ে বেশি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আদায়যোগ্য হবে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন