ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের একটি প্রিপারেটরি স্কুলে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত স্কুলের সামনে আসে। কিছুক্ষণ অবস্থান করার পর তারা স্কুলের গেট ও টিনের ছাউনির দিকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একজন মোটরসাইকেল থেকে নেমে বোমায় আগুন ধরিয়ে স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই তারা পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রিপারেটরি স্কুলটির গেটের ওপরে টিনের সেটের দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে তদন্ত চলছে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা না হলেও, একাধিক টিম অভিযানে রয়েছে।