ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি মানতে আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে জামায়াতসহ সমমনা আট দল। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নেতারা জানান, শুক্রবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর রোববার সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করবেন বলে আমরা আশা করছি। নেতারা ইতোমধ্যে সাক্ষাৎ চেয়েছেন। সেই সাক্ষাতেই রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে।”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। শাটডাউনের নামে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।”
নাশকতা প্রতিরোধে আগামীকাল রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতসহ আট দলের নেতারা।



মন্তব্য করুন