ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): গণভোট আয়োজনের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যে অর্থে গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে, তা দিয়ে কৃষকদের প্রয়োজনীয় ভর্তুকি দেওয়া সম্ভব।”

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক গুদাম নির্মাণ অনেক বেশি প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে, এসব বাস্তব সমস্যা নিয়ে কথা বলার মতো কেউ নেই।”

তিনি আরও বলেন, “গ্লোবাল ভিলেজের যুগে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার বদলে আমাদের উচিত শিক্ষা ও অর্থনীতিকে টেকসই করার দিকে মনোযোগ দেওয়া।”

নারী কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত নারীদের চাকরি না দেওয়ার জন্য উৎসাহিত করছে। পোশাক কারখানায় যদি নারীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, তাহলে বাকি সময়ের মজুরি কে দেবে? এতে তাদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে না?”

তারেক রহমানের মতে, “গণভোট নয়, এখন সবচেয়ে জরুরি হলো কর্মহীন মানুষের জন্য চাকরি সৃষ্টি, কৃষক-শ্রমিকের সমস্যা সমাধান এবং বাস্তব অর্থনৈতিক নীতির বাস্তবায়ন।”

তিনি বলেন, “ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, তার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়েছে। মানুষ কোনো দলের সুবিধার জন্য নয়, নিজেদের অধিকারের জন্য রাজপথে নেমেছে। অথচ এখন কিছু রাজনৈতিক গোষ্ঠী সরকারের দুর্বলতা কাজে লাগিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।”

তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হতে হবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে—একটি দলের আকাঙ্ক্ষা পূরণ করবে, না কি জনগণের রায়কে অগ্রাধিকার দেবে।”