১৩ নভেম্বর ২০২৫, ঢাকা: রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া ছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে দাবি করছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল। তিনি প্রশ্ন তুলেছেন, “অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া অস্বীকারটা করল কে?”
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক আলোচনায় জিল্লুর রহমান বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকার এক সমাবেশে ঘোষণা দিয়েছেন—আগামী নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ প্রথমে অস্বীকারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্বীকার করেছে যে অভ্যুত্থান ঘটেছে এবং তাদের পতন হয়েছে।
জিল্লুর রহমান বলেন, জামায়াত ও অন্যান্য দল চাইছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে গণভোটের মাধ্যমে। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। অন্যদিকে বিএনপি বলছে, গণভোট সংসদ নির্বাচনের দিনেই হতে পারে।
তিনি আরও বলেন, “গণভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। জামায়াত বলছে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি না দিলে ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না। তারা আইনি ভিত্তি ছাড়া নির্বাচনকে অগ্রহণযোগ্য মনে করছে।”
জিল্লুর রহমানের মতে, সব দল গণভোটের বিষয়ে নীতিগতভাবে একমত হলেও তারিখ নিয়ে মতপার্থক্য রয়েছে। বিএনপি চাইছে নির্বাচনের দিনেই গণভোট হোক, আর জামায়াত চাইছে আগে।



মন্তব্য করুন