ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সম্প্রচার করে। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন, যা গণভোট আয়োজনের আনুষ্ঠানিক ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর রাষ্ট্রপতির স্বাক্ষরিত আদেশ প্রকাশিত হয়।
জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দিয়েছিল। জানা গেছে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত আদেশ সেই সুপারিশের আলোকে তৈরি হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ইউনূস জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন।



মন্তব্য করুন