ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা ঘোষণার পর কিছু নির্বাচনী এলাকায় মনোনয়নবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যা দলীয় পর্যবেক্ষণের আওতায় রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত তালিকায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের পর সীমিত কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। বিএনপির হাইকমান্ডের মতে, দু-একটি জায়গায় সমস্যা থাকলেও তা ধীরে ধীরে সমাধান হচ্ছে।
এদিকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বিএনপিকে ভাবাচ্ছে। ফলে শরিকদের আসন বণ্টনের ক্ষেত্রে শুধু প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতা নয়, প্রতীক ব্যবস্থাও গুরুত্ব পাচ্ছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক এবং পরবর্তী অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি উঠে এসেছে।
বিশ্বস্ত সূত্র জানায়, যেসব আসনে ঘোষিত প্রার্থীদের নিয়ে প্রশ্ন নেই, সেগুলো বাদে বাকি আসনগুলোতে মনোনয়নপ্রাপ্তদের অবস্থান নিরীক্ষা করছে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। যাচাইয়ের ভিত্তিতে কিছু আসনে পরিবর্তন হতে পারে, তবে তা সীমিত পরিসরে।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি একটি বড় দল। প্রার্থিতা নিয়ে কিছু সমস্যা থাকলেও দলীয় উদ্যোগে তা সমাধান হচ্ছে। আশা করছি, সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন।”
জানা গেছে, ঘোষিত ২৩৭ আসনের বাইরে ফাঁকা রাখা ৬৩টি আসনের মধ্যে কিছু আসন বিএনপির নিজস্ব প্রার্থীদের জন্য সংরক্ষিত। একাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য ৫৯টি আসন ছাড়লেও এবার ২৫–৩০টি আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে। বিজয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় শরিকদের জন্য আসন ছাড়তে পারে দলটি। জোটের আকার অনুযায়ী এই সংখ্যা বাড়তেও পারে।
যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অধিকাংশ ইতিমধ্যে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে অর্ধশত আসনে সমঝোতার আলোচনা চলছে। বিএনপির নীতিনির্ধারকরা শরিকদের তালিকা থেকে বাস্তবভিত্তিক শর্টলিস্ট তৈরি করেছেন, যা নিয়ে লিয়াজোঁ কমিটির মাধ্যমে আলোচনা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন সমঝোতা নিয়েও আলোচনা হয়েছে। তবে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য এনসিপির সঙ্গে জোটে অনীহা প্রকাশ করেছেন। এক সদস্য বলেন, “১৯৭১ থেকে নব্বইয়ের আন্দোলনে ছাত্ররা সম্মুখভাগে ছিলেন, কিন্তু তারা সরকারের অংশ হননি। চব্বিশের আন্দোলনের পর ছাত্রদের সরকারে অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিএনপিও যদি একই পথে হাঁটে, তা সঠিক হবে না।”



মন্তব্য করুন