রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের পাঁচতলার ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মো. লিমন মিয়া (৩৫) নিজেকে বিচারকের স্ত্রীর ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করেন। পরে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। ঘটনাস্থলেই তাওসিফ গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আটক লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা এবং সেনাবাহিনীর সাবেক সিপাহী। চার বছর চাকরি করার পর তাকে চাকরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে এর আগে বিচারকের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জিডিতে তাসমিন নাহার উল্লেখ করেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর লিমন নিয়মিত আর্থিক সহযোগিতা চাইতেন, যা একপর্যায়ে বন্ধ করে দিলে তিনি হুমকি দিতে শুরু করেন। সর্বশেষ ৩ নভেম্বর মেয়ের ম্যাসেঞ্জারে কল করে প্রাণনাশের হুমকি দেন লিমন।

লিমন মিয়া মৌখিকভাবে পুলিশকে জানান, তাসমিন নাহারের সঙ্গে তার সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল, যা গত এক মাস ধরে মনোমালিন্যে পরিণত হয়। তিনি সিলেটে গিয়ে তাকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা গণধোলাই দেয় এবং পুলিশ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজিউর রহমান বলেন, “লিমন ও তাসমিন নাহারের পূর্ব পরিচয় ছিল। কথাবার্তার একপর্যায়ে হামলা চালানো হয়। ব্যক্তিগত শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, “জিডির ভিত্তিতে তদন্ত চলছে। পরকীয়ার অভিযোগ শুধু অভিযুক্তের পক্ষ থেকে এসেছে।”

লিমনের বাবা এইচএম সোলাইমান শহিদ জানান, তার ছেলে চার বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। বর্তমানে রাজশাহীতে ফ্লেক্সিলোড ব্যবসা করতেন, তবে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না।

ঘটনার পর রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান হাসপাতালে গিয়ে বলেন, “আটক ব্যক্তির নাম ইমন। তার বিরুদ্ধে জিডি ছিল। হামলার প্রকৃত কারণ উদঘাটনে একাধিক টিম কাজ করছে।”