দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা শুক্রবার (১৪ নভেম্বর) থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে তার অংশগ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করেন এবং তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরেন। তার বক্তব্যে তিনি বলেন, “১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাদের অনেকেরই ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। আমাদের কথাবার্তা, কাজকর্ম ও আচরণে যেন তারা আস্থা পায়, সেভাবে কাজ করতে হবে।”

সভায় সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার পক্ষে প্রচারণার অংশ হিসেবে একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হবে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করা হবে।

এর আগে দিনাজপুরের প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।