রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। ইসলামী ছাত্রশিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বাংলাদেশে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা জুলাইয়ে যেমন রাস্তায় নেমেছি, আবারও একইভাবে রাস্তায় নামতে হবে।” তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার করে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি স্মরণ করেন, জুলাই বিপ্লবে রাজশাহী মহানগরের ছাত্রশিবির নেতা আলী রায়হান নিহত হয়েছিলেন। তার মতে, সেই আন্দোলনের মাধ্যমে রাজশাহীর মানুষ ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। অতীতে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের দোসররা শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে এবং ইসলাম চর্চায় বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, “আজ আমরা শহীদদের আকাঙ্ক্ষা ভুলে যাচ্ছি, ছাত্রসংগঠনগুলোতে দাম্ভিকতা দেখা দিচ্ছে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখতে হবে।”
প্রায় সাড়ে চার দশক পর রাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডাকসু ও চাকসুর ভিপি সাদিক কায়েম এবং ইব্রাহিম হোসেন রনি। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী এতে অংশ নেন।

মন্তব্য করুন