চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মূলহোতা সানিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, শুক্রবার রাতে চন্দনাইশ এলাকা থেকে সানিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ইউছুফ ও শাকিলকে নগরীর কোতোয়ালি থানার চৈতন্য গলি থেকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পাওনা টাকা চাইতে গিয়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা।
র্যাবের তদন্তে জানা গেছে, এক মাস আগে সানি আকাশের কাছে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করান। মেরামতের জন্য দেড় হাজার টাকা ধার্য হয়। সানি ৩০০ টাকা পরিশোধ করে বাকি ১২০০ টাকা পরে দেওয়ার কথা বলেন। আকাশ বারবার টাকা চাইলে সানি ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে। বৃহস্পতিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আকাশকে কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে প্রথমে মারধর এবং পরে সহযোগীদের সঙ্গে ছুরিকাঘাত করে হত্যা করে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি রিয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদের পাশের একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি। তবে র্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে।



মন্তব্য করুন