ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: অবৈধ ও ক্লোন মোবাইল হ্যান্ডসেট বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। নতুন এই ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন নেটওয়ার্কে সচল থাকবে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট—বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে। তবে ওই তারিখের পর অবৈধ বা ট্যাক্স ছাড়া আনা ফোন নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

গ্রাহকদের হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংগ্রহ করতে হবে। এরপর ‘KYD<স্পেস>আইএমইআই নম্বর’ লিখে ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় বৈধতা জানানো হবে।

এনইআইআর সংক্রান্ত তথ্য জানতে গ্রাহকরা বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করতে পারবেন। পাশাপাশি *16161# ডায়াল করে বা অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ যোগাযোগ করেও সহায়তা পাওয়া যাবে।

এদিকে অবৈধ হ্যান্ডসেট হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আনঅফিশিয়াল বা ট্যাক্স ছাড়া আনা ফোন বিক্রেতারা পড়েছেন বড় ধরনের বিপাকে। অনেক দোকানে ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর ব্যবস্থায় প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত হবে। এতে সহজেই বৈধ ও অবৈধ ফোন শনাক্ত করা সম্ভব হবে।