ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউনের দিনেও গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার রাজধানীর মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এ তথ্য দেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতি বাধাগ্রস্ত করার জন্য। আমরা এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।”

হুমায়ূন কবির আরও বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে। প্রশাসনও আইনশৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার। এর প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন ডেকেছে।