ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না উঠালে দলটির নেতাকর্মীরা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে বাধা দেবে। পরিস্থিতি অবনতির দিকে গেলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে।”
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লিতে নির্বাসনে রয়েছেন। জয় দাবি করেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং রাষ্ট্রপ্রধানের মতো সম্মান করছে।
তিনি আরও বলেন, “আমরা জানি রায় কী হবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। তবে আমার মা ভারতে নিরাপদে আছেন।”
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে। বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার এটি প্রথম রায়।



মন্তব্য করুন