ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত করবে।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।”

এর আগে, রোববার দেওয়া আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, “১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা দাবি জানাই।”

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে সেনাসদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েনের জন্য চিঠি দেওয়া হয়।