ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় এবং দীর্ঘ ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া হয়।
প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ের প্রথম অংশ পড়েন। পরবর্তীতে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী রায়ের বিভিন্ন অংশ পড়ে শোনান।
রায়ে উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনকারীদের গুলি করে হত্যা এবং বিভিন্ন স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিস্তারিত বিবরণ। ট্রাইব্যুনাল অডিও-ভিডিও প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টও রায়ের অংশ হিসেবে উপস্থাপন করেছে।
ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া ও রংপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ভিডিও প্রমাণসহ আদালতে উপস্থাপন করা হয়। এছাড়া অভিযুক্ত শেখ হাসিনার টেলিফোন কথোপকথন ও সাক্ষাৎকারের অংশও রায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে এজলাসের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।



মন্তব্য করুন