বগুড়া, ১৭ নভেম্বর ২০২৫: ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মেহেদী হাসান তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি বর্তমানে পলাতক। মামলাটি দায়ের করেন বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার বাসিন্দা জাহিদুর রহমান তোফা।

বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।

হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে। প্রায় চার দশক তিনি পুলিশে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ ছিল, ২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকলেও তিনি বগুড়া-১ আসনে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়।