ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান। তবে তিনি বলেছেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত জনমনে প্রকৃত সন্তুষ্টি আসবে না।
সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধের দায়ে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ একটি ঐতিহাসিক রায়। তবে এর গভীর তাৎপর্য উপলব্ধি করতে হলে দ্রুত বাস্তবায়ন জরুরি।” তিনি দলীয় নেতাকর্মীদের শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন অ্যাড. মো. জাকির হোসেন, মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লায়ন তারিক আলম রাজা এবং যুগ্ম মহাসচিব মফিদার রহমান মজনুও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এই প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, রায় বাস্তবায়ন নিয়ে সরকারের পদক্ষেপই এখন জনমতের কেন্দ্রবিন্দুতে থাকবে।



মন্তব্য করুন